শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১০টি, সংশোধিত প্রকল্প ২টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ১টি।
সভা শেষে শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এসব তথ্য জানান।
একনেক সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান; স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন; ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু; শিল্প, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি; বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।ইতিহাস পড়ুন
সভায় অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি।
প্রকল্পগুলো হলো:
১. ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প।
২. ‘রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।
৩. ‘রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন’ প্রকল্প।
৪. ‘গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ’ প্রকল্প।
৫. ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ প্রকল্প।
৬. ‘সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।
৭. ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধন)’ প্রকল্প।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি প্রকল্প হলো ‘বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ (৩য় সংশোধিত)’ প্রকল্প।
রেলপথ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প (বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ)’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি প্রকল্প হলো ‘ফ্রান্সের প্যারিসে ক্রয়কৃত চ্যান্সারি ভবন ব্যবহারোপযোগী করার জন্য সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প হলো:
১. ‘ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে ২য় করতোয়া সেতু নির্মাণ’ প্রকল্প।
২. ‘থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে ৫০ কোটি টাকার কম হওয়ায় অনুমোদন দিয়েছেন এমন ১টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। সেটি হলো ‘জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল এবং খাড়োয়া খাল পুনঃখনন’ প্রকল্প।












