জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রাজধানী ঢাকা দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঢাকা গড়ে ওঠার পর থেকে এখানে দুটি সংস্কৃতির বিকাশ ঘটেছে—একটি নগর সংস্কৃতি, অন্যটি গ্রামীণ সংস্কৃতি। সবাই এখনো পুরোপুরি শহুরে নাগরিক হয়ে উঠতে পারেনি। শহর যেমন বড় হচ্ছে, তেমনি বাড়ছে জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণও।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা রয়েছে, সেই চিন্তাকে এগিয়ে নিতে হবে। ঢাকাকে গড়ে তুলতে হলে নাগরিক দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। এখানে বিএনপি-জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই। রাজধানীকে সুন্দর ও বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। স্কুল পর্যায় থেকেই পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই একটি পরিচ্ছন্ন ও সুস্থ নগরী গড়ে তোলা সম্ভব হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেন, প্রায় প্রতি বছরই বর্ষার সময় বিভিন্ন সংস্থা উন্নয়নকাজ শুরু করে, কারণ ওই সময় প্রকল্পের অর্থ ছাড় হয়। এক সংস্থার কাজ শেষ হওয়ার আগেই অন্য সংস্থা রাস্তা কাটে, যা সমন্বয়হীনতার স্পষ্ট উদাহরণ।
ঢাকার জলাবদ্ধতার জন্য খাল দখল ও প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।
সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।












